অবিনাশী অপেক্ষা

সেই কবে থেকে তোমার অপেক্ষায় বসে আছি,
সময়ের হিসাব রাখা এখন অর্থহীন লাগে।
আমার চোখের সামনে দিয়ে কত বসন্ত এলো, কত শ্রাবণ ধুয়ে দিলো এই জনপদ;
কত শত চেনা মুখ অচেনা হয়ে গেল,
আর কত সবুজ অরণ্য পুড়ে হলো ধূসর মরুভূমি।

আমি দেখেছি কতো সাম্রাজ্যের উত্থান আর পতন,
দেখেছি কতো নক্ষত্রের আত্মাহুতি,
মানুষের ভিড়ে কত কোলাহল থেমে গিয়ে নেমে এসেছে কবরের নীরবতা;
সবকিছু বদলে গেছে,
আয়নার সামনে দাঁড়ালে আজ নিজেকেও বড় অচেনা ঠেকে,
শুধু তোমার জন্য রাখা এই অপেক্ষাটুকু ছাড়া—
আর সবকিছুই যেন মহাকালের স্রোতে ভেসে গেছে।

এই শহরে কত নতুন ইমারত উঠল,
পুরোনো সেই কৃষ্ণচূড়া গাছটাও কবেই মরে কাঠ হয়ে গেল,
কিন্তু অপেক্ষারত এই চোখের পলক আর পড়ল না।।

হয়তো এই অপেক্ষার কোনো পার্থিব সমাপ্তি নেই।
হয়তো এই দীর্ঘ পথচলা শেষ হবে সেইদিন,
যেদিন শেষ নিঃশ্বাসটুকু মিলিয়ে যাবে অনন্ত শূন্যতায়।
মৃত্যুই কি তবে তোমার সাথে আমার শেষ মোলাকাত?
যদি তাই হয়, তবে সেই মহাপ্রস্থানের প্রতীক্ষাতেই রইলাম—
তবুও জেনো, সেই কবে থেকে তোমার অপেক্ষায় আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ