তবুও উঠুক সময়ের চাঁদ

তবুও উঠুক সময়ের চাঁদ

পড়শির বাড়িতে কাল উঠেছিল চাঁদ

রাতকানা আমি তা দেখিনাই ফিরে

জনম জনমের জ্যোৎস্না বুঝি তাই দিয়ে যায় অভিশাপ

ক্রমে আঙিনায় বেড়ে ওঠে হায় উইপোকার ঢিবি।


যতোটা বৈরি বাতাসে অ্যামিবারা হয়ে যায় স্পোর

যতোটা প্রখরতায় গলে যায় রাস্তার পিচ

তার চেয়ে কি গভীর টানে ছুঁয়েছে হৃদয়?

বুঝিনি কখন এসে নীরবে দোলা দিয়ে গেছে বাতাস।


খননের কতোটা গভীরে গেলে একজন পেয়ে যায় মূল্যবান আকরিক

আমি তার খবর রাখিনা

রোদের কতোটা তীব্রতায় একজন পড়ে ফেলে বাতাসের নীরব মেসেজ

আমি তার কিছুই জানিনা

শুধু বুঝি

এসব সাজানো দেয়াল রেখেছে আড়াল করে

আমার রঙের আকাশ।

তবুও উঠুক সময়ের চাঁদ

কেউ না কেউ তো পাবে তার স্বাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ